Don't Miss
Home / আজকের সংবাদ / কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩১

এমএনএ রিপোর্ট : আফগানিস্তানের রাজধানী কাবুলে দাশ্ত ই বার্চি এলাকায় একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। যেখানে এই হামলা হয়েছে সেই এলাকাটিতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজন বসবাস করে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রবিবার ভোটার নিবন্ধন কেন্দ্রের প্রবেশপথে অপেক্ষমাণ লোকদের ওপর এই হামলা চালানো হয়। এতে ৩১ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের সংবাদ সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকাটিতে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, পদচারী এক বোমা হামলাকারী ভোটার নিবন্ধন কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি বছরে দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল।
কাবুল পুলিশ প্রধানের উপদেষ্টা আশমত স্টানিকজাই বলেছেন, হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও আরো ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের শঙ্কা বাড়তে পারে।
বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। সবাই তাদের পরিচয় পত্র সংগ্রহ করতে সেখানে জমায়েত হয়েছিল।
প্রসঙ্গত, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই আফগানিস্তানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...