Don't Miss
Home / হোম স্লাইডার / কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন

কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন

এমএনএ স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে লাহোরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

লাহোরে জন্ম নেওয়া আব্দুল কাদির ১৯৭৭-১৯৯০ সাল পর্যন্ত ৬৭ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ২৩৬ উইকেট। আর ১০৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তার উইকেট ১৩২টি।

আশির দশকে ক্রিকেটে লেগ স্পিন ছিল সবচেয়ে বড় রহস্য। আর সে রহস্যে বিশ্ব কাঁপিয়েছিলেন কাদির। শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু বলা হয় কাদিরকে। টেস্টে এক ইনিংসে পাকিস্তানের হয়ে সেরা বোলিং রেকর্ড এখনও কাদিরের দখলে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ৫৬ রান খরচায় নিয়েছিলেন ৯ উইকেট। মূলত বোলার হলেও টেস্টে তিনটি ফিফটিও আছে তার।

বৈচিত্র্য ছিল তার বোলিংয়ের মূল শক্তি। বলা হয়, ওভারের ছয়টি বল ছয় রকম করার পাশাপাশি দুই ধরনের গুগলি দিতে পারতেন কাদির।

শেন ওয়ার্ন, মুস্তাক আহমেদ, দানিশ কানেরিয়াদের মতো পরবর্তী প্রজন্মের লেগ স্পিনারদের মেন্টর হিসেবে কাজ করেছেন কাদির।

জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপে (১৯৮৩ ও ১৯৮৭) প্রতিনিধিত্ব করেন কাদির। সংক্ষিপ্ত মেয়াদে দেশের হয়ে অধিনায়কত্ব করেন তিনি।

২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন এই লেগস্পিন লিজেন্ড। কাজ করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও।

পাকিস্তানের সাবেক অধিনায়ক, কাদিরের টিম-মেট পেসার ওয়াসিম আকরাম টুইটে লিখেছেন, অনেক কারণে তাকে জাদুকর বলে ডাকা হতো। কিন্তু যখন তিনি আমার চোখের দিকে তাকাতেন এবং বলতেন আমি পাকিস্তানের হয়ে আগামী ২০ বছর খেলতে চাই, আমি তাকে বিশ্বাস করতাম।

‘আসলেই তিনি একজন জাদুকর। একজন লেগ স্পিনার এবং প্রদর্শক তার সময়ের। কাদিরকে সবাই মিস করতে পারেন, তবে কখনও ভুলতে পারবেন না।’

কাদিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক টুইটে তারা জানিয়েছে, মায়েস্ত্রো স্পিনারের মৃত্যুতে শোকাহত পিসিবি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...