Don't Miss
Home / শিক্ষাঙ্গন / কোচিং বাণিজ্যে জড়িত ঢাকার ৭২ শিক্ষককে শোকজ

কোচিং বাণিজ্যে জড়িত ঢাকার ৭২ শিক্ষককে শোকজ

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : বছরের পর বছর কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ঢাকার নামি-দামি চার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষককে শোকজ (কারণ দর্শাতে) বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গতকাল রবিবার সংশ্লিষ্ট শিক্ষকদের এ সংক্রান্ত নোটিশ দিয়েছে মাউশি। তাদের বিরুদ্ধে ‘কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
জানা গেছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা এ তালিকায় রয়েছেন। এর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন, মতিঝিল মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ জন এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষক রয়েছেন।
মাউশির নোটিশে বলা হয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর অনুচ্ছেদ ১৩ এর বিধান লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
মাউশি সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও সুপারিশের পর কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ শিক্ষকদের শোকজ করা হয়।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ঢাকা মহানগরীর স্কুল-কলেজের কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে অনুসন্ধানে এ চার প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িত থাকার প্রমাণ পায়। তাদের বিরুদ্ধে দুদক, মন্ত্রিপরিষদ বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়।
কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকায় এর আগে দুদকের সুপারিশে গত ২ ফেব্রুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের ৮ জন এবং নিউ গভর্নমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে মোট ২৫ জন শিক্ষককে বদলির আদেশ দেয়া হয়।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে এক শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ‘কোচিং বাণিজ্যের’ মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর এমপিওভুক্ত চার শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষক ও সরকারি চারটি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষকসহ মোট ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশসহ একটি তালিকা গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...