এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন সফরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং তিনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আজ রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওয়াসিম কুমার উকিল, মৃক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার লন্ডন সফরে তার গতিবিধির ওপর নজর রাখছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ, সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজ-খবর নেওয়ার জন্য লোকজন আছে।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনোই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে। এ রকম একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে ক্ষমতায় আনতে পারে না।
সহায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে কি কোনো সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানে আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়।
এ সময় তিনি জানান, ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সহযোগী সংগঠনও কর্মসূচি দেবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

