খেলাধুলা প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৮৩ রানের লক্ষ্য ১৮ ওভারের শেষ বলে ৪ উইকেট হারিয়ে টপকে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।
এর আগে দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ছিল ১৭০ রান, যা গত নভেম্বরে একই ভেন্যুতে গড়ে উঠেছিল।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসানের ব্যাটে ৫ ওভারে ৪০ রান তোলে দল। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ১৬ বলে ১৭ রান করে সাইফ ফিরে গেলে ৪১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর লিটন দাস ১৫ বলে ২১ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭৭ রান। রান রেটের চাপে পড়ে যাওয়া দলকে ম্যাচে ফেরান তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন। চতুর্থ উইকেটে ২৮ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। পারভেজ ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হৃদয়।
ম্যাচসেরা হৃদয় ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫১ রান করেন। তার সঙ্গে শামীম হোসেন ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাথান স্মিথ ও জশ ক্লার্কসন একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শুরুতেই টিম রবিনসনকে রানআউট করে বাংলাদেশ। এরপর ডেন ক্লিভার ও কাটেনে ক্লার্ক ৫০ বলে ৮৮ রানের জুটি গড়ে সফরকারীদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
ক্লিভার ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। ক্লার্কও ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ রান যোগ করেন। অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করেন। শেষ দিকে জশ ক্লার্কসন ১৪ বলে অপরাজিত ২৭ রান করে দলকে ১৮০ ছাড়াতে সহায়তা করেন।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সবচেয়ে সফল বোলার ছিলেন। তিনি ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

