Don't Miss
Home / হোম স্লাইডার / চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তন, নতুন রঙ নির্ধারণের উদ্যোগ

চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তন, নতুন রঙ নির্ধারণের উদ্যোগ

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রঙ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যা বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে “পুলিশ ড্রেস রুলস, ২০২৫” সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয়েছে এবং নতুন ইউনিফর্মের রঙ চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। তখন শার্টের রঙ গাঢ় ধূসর থেকে পরিবর্তন করে “লোহার রঙ” এবং প্যান্টের রঙ গাঢ় নীল থেকে “কফি রঙ” নির্ধারণ করা হয়।

তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন পুলিশ সদস্যদের মধ্যে তেমন গ্রহণযোগ্যতা পায়নি। অনেকেই নতুন রঙকে অপ্রয়োজনীয় এবং বাস্তব কাজের ক্ষেত্রে অস্বস্তিকর বলে মত দেন। ফলে বাহিনীর ভেতরে ও বাইরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন বিকল্প রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন রঙ নির্ধারণ করেন। প্রস্তাব অনুযায়ী— মেট্রোপলিটন পুলিশের জন্য শার্ট হবে  হালকা অলিভ (জলপাই) রঙের; এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্ট হবে গাঢ় নীল এবং উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ নির্ধারণ করা হয়েছে টিসি টুইল খাকি।

এই পরিবর্তন কার্যকর করতে “পুলিশ ড্রেস রুলস, ২০২৫”-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি প্রজ্ঞাপনের খসড়াও প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় নতুন এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না।

বিশেষজ্ঞদের মতে, ইউনিফর্ম শুধু পোশাক নয়—এটি বাহিনীর পরিচয়, পেশাদারিত্ব এবং জনমনে আস্থার প্রতীক। তাই রঙ নির্বাচন এমন হতে হবে যা একদিকে কার্যকর, অন্যদিকে গ্রহণযোগ্য ও মানানসই।

নতুন প্রস্তাবিত গাঢ় নীল ও অলিভ রঙের সংমিশ্রণকে অনেকেই তুলনামূলকভাবে ব্যবহারিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন। এখন দেখার বিষয়, সংশোধিত বিধি চূড়ান্ত অনুমোদন পেয়ে কবে নাগাদ মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়।

x

Check Also

সংসদের সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের তালিকা ঘোষণা, জোট ও স্বতন্ত্রদেরও মনোনয়ন চূড়ান্ত

বিশেষ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ...