Don't Miss
Home / আজকের সংবাদ / চলে গেলেন খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না

চলে গেলেন খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না

এমএনএ বিনোদনে ডেস্ক : চলে গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না। আজ বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কয়েক দিন আগেই রোগাক্রান্ত বিনোদ খান্নার একটি ছবি গণমাধ্যমে ভাইরাল হয়। তা নিয়ে খুব আলোচনা হয়। বলিউডের একসময়ের সুদর্শন এ অভিনেতার রুগ্‌ণ অবস্থা দেখে ভক্তদের মন শোকগ্রস্ত হয়ে পড়ে।

বিনোদ খান্না ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হওয়ার আগ পর্যন্ত অভিনয় করে গেছেন। ‘দাবাং’, ‘প্লেয়ার’, ‘দাবাং টু’ ও ‘দিলওয়ালে’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বিনোদ খান্না।

এছাড়া ‘মেরে আপনে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ইমতিহান’, ‘লহু কে দো রং’ ‘কুরবানি’, ‘ইনকার’, ‘হাত কি সাফাই’ এর মতো সিনেমা দিয়ে ধীরে ধীরে উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে।

কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই ১৯৮২ সালে তিনি অভিনয় থেকে বিরতি নেন। ওই সময় তিনি ধর্মগুরু ওশো রজনীশ-এর আশ্রমে পাঁচ বছর থাকেন। এরপর আবারও ফিরে আসেন অভিনয়ে। ওই সময়ই তিনি অভিনয় করেন ‘ইনসাফ’ এবং ‘সত্যমেব জয়তু’র মতো সুপারহিট সিনেমায়।

এ বলিউড তারকার দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্নাও অভিনয়ের জগতে প্রতিষ্ঠিত। মৃত্যুর সময় তাঁর চার সন্তান ও স্ত্রী কবিতা খান্না অভিনেতার পাশেই ছিলেন।

বিনোদ খান্নার অন্য দুই সন্তানের নাম সাক্ষী ও শ্রদ্ধা। অভিনেতা বিনোদ খান্না ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের লোকসভার সদস্য ছিলেন।

এপ্রিলের প্রথম সপ্তাহে এ অভিনেতাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েক দিন পরই চিকিৎসকেরা তাঁকে শঙ্কামুক্ত ঘোষণা করেন।

বিনোদ খান্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বলিউড তারকারা বিভিন্ন মাধ্যমে নিজেদের শোক প্রকাশ করতে শুরু করেন।

কেবল অভিনয়েই নয়, রাজনীতিতেও নিজের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন বিনোদ খান্না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র হয়ে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে নির্বাচিত সদস্য হিসেবে লোকসভায় প্রতিনিধিত্ব করেন তিনি।

তবে রাজনৈতিক ব্যাস্ততার মধ্যেও সিনেমায় অভিনয় বন্ধ করেননি তিনি। কেরিয়ারের শেষ বছরগুলোতে ‘দাবাং’, ‘দাবাং টু’ এবং ‘প্লেয়ার্স’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। তার অীভনীত সর্বশেষ সিনেমা ‘দিলওয়ালে’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। ‘দিলওয়ালে’র পর থেকেই বিনোদ খান্নার স্বাস্থের অবনতি হতে শুরু করে।

ব্যাক্তিজীবনে দুইবার বিয়ে করেছিলেন বিনোদ খান্না। তার দ্বিতীয় স্ত্রীর ঘরের দুই ন্তান অক্ষয় এবং রাহুল খান্না হিন্দি সিনেমার অভিনেতা। এছাড়াও তার রয়েছে সাক্ষী নামের একটি ছেলে এবং শ্রদ্ধা নামের এক মেয়ে।

জীবদ্দশায় পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে ফিল্মফেয়ার ও জি সিনে অ্যাওয়ার্ড-এর তরফ থেকে ভূষিত করা হয় আজীবন সম্মাননায়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...