Don't Miss
Home / জাতীয় / চাঁদাবাজ-অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

চাঁদাবাজ-অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

এমএনএ প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই দেশব্যাপী—বিশেষ করে রাজধানী ঢাকা থেকে—এ অভিযান শুরু হবে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপি সদর দপ্তরের তৃতীয় তলার সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দুটি অগ্রাধিকারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, প্রথমত চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের একটি নিরপেক্ষ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হচ্ছে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তালিকা প্রণয়নের ক্ষেত্রে পুলিশকে ‘নির্মোহ’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতের একটি স্বৈরতান্ত্রিক শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুরো প্রতিষ্ঠান নয়; বরং নির্দিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন প্রতিষ্ঠানকে ব্যক্তিনির্ভর নয়, প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভিত্তিতে পরিচালিত হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, পুলিশ আইনানুগভাবে চলবে এবং কোনো ব্যক্তির স্বেচ্ছাচারী নির্দেশ পালন করবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বশীলতা ও জবাবদিহির সঙ্গে বিভাগ পরিচালনার অঙ্গীকার করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং জনগণ স্বস্তিতে বসবাস করতে পারে।

‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠায় গুরুত্ব

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বস্বীকৃত নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্ত্রণালয়ে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো নিম্নপদস্থ কর্মকর্তা যেন ঊর্ধ্বতনকে ডিঙিয়ে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে প্রয়োজনে মন্ত্রী, পুলিশ কমিশনার বা আইজিপি যেকোনো স্তরে যোগাযোগ করতে পারবেন। নিচ থেকে ওপরের যোগাযোগে চেইন অব কমান্ড বজায় রাখা বাধ্যতামূলক বলেও তিনি জানান।

যানজট নিরসনে বিশেষ সেল

রাজধানীর যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি বড় সমস্যা এবং এ বিষয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। ডিএমপি কমিশনারকে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। যেখানে নন-মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ, সেসব ভিআইপি ও প্রধান সড়কেও এসব যান চলাচল করছে বলে জানান মন্ত্রী। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে এয়ারপোর্ট সড়ক হয়ে সচিবালয়মুখী ভিআইপি সড়কে এসব যান চলাচল সীমিত করা হবে। পরে পর্যায়ক্রমে অন্য সড়কেও ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, যানজটের পেছনে নাগরিকদের অসচেতন আচরণও দায়ী। ট্রাফিক আইন মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে যানজট সমস্যার উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...