নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব-কে চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সজীবকে হেফাজতে নেওয়ার পর নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিকেল ৫টার দিকে সজীবকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয় এবং তিনি এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম ডিবি পুলিশ পরিচালনা করবে।
এদিকে সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য খায়রুল ইসলাম সজীবকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সজীবকে হেফাজতে নেওয়ার ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় নিয়ে বিতর্ক ও আলোচনা চলছিল।
গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুন লাইট সিনেমা হলসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে সেখানে ‘মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩-এর সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড টানানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে টানানো কয়েকজন সংসদ সদস্যের ছবিও সরিয়ে ফেলা হয়। বিষয়টি বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং গণমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
তবে সমালোচনার মুখে দুই দিনের মাথায় সিদ্ধান্ত থেকে সরে আসে সংশ্লিষ্ট পক্ষ। শনিবার ভোরে এমপি আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা ওই কার্যালয় থেকে সংসদ সদস্যের কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে পুনরায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখা’ লেখা সাইনবোর্ড স্থাপন করেন। একই সঙ্গে সরিয়ে ফেলা ছবিগুলোও আগের অবস্থানে পুনঃস্থাপন করা হয়।
রাজনৈতিক অঙ্গনে চলমান এ বিতর্কের মধ্যেই সজীবকে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
