জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
Posted by: News Desk
August 18, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেলজয়ী কফি আনান আর নেই। বার্ধক্যজনিত অসুস্থায় ভুগে আজ শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে কফি আনানের বয়স হয়েছিল ৮০ বছর।
এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কফি আনান ফাউন্ডেশন। বিবৃতিতে বলা হয়, ‘কফি আনান ছিলেন সারা বিশ্বের। জীবনভর তিনি শান্তির জন্য কাজ করে গেছেন।’
কফি আনানের দুই ঘনিষ্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে আজ শনিবার প্রথম প্রহরে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
কফি আনানের মৃত্যুতে শোক জানিয়ে জাতিসংঘ অভিবাসন সংস্থা এক টুইটারে লিখেছে, আজ এক মহান নেতা ও স্বপ্নদর্শী মানুষকে হারিয়ে আমরা শোকাহত।
‘যেখানেই সমস্যার খোঁজ পেতেন সেখানেই পৌঁছে যেতেন তিনি। গভীর সমবেদনায় জয় করেছেন হাজারো মানুষের জীবন। অকৃত্রিম ভালবাসা নিয়ে কাজ করে গেছেন অন্যের জন্য।’
ঘানার এ কূটনীতিক সুইজারল্যান্ডে থাকছিলেন। সেখানেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম।
১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব পালনকালে বিশ্বশান্তিতে অবদানের জন্য ২০০১ সালে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন কফি আনান।
বিশ্বজুড়ে সুপরিচিত ঘানার বংশোদ্ভূত কফি আনানই প্রথম কোনো আফ্রিকান, যিনি বিশ্বের শীর্ষ সংগঠন জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংস্থাটিতে দায়িত্বপালন করেন।
এছাড়া ২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারসের প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা পদে দায়িত্ব পালনের পর কফি আনান জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত হিসেবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব পালন করেন। সেখানে সংকট নিরসনে যথেষ্ট চেষ্টা চালিয়েও ফল না আসায় হতাশ হন তিনি।
সবশেষ মিয়ানমার রাখাইনে দমন-পীড়ন চালিয়ে রোহিঙ্গা সংকট তৈরি করলে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যৌথ কমিশন গঠনের মাধ্যমে এর সুষ্ঠু সমাধানের চেষ্টা চালান মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান। তার নামে গঠিত আনান কমিশনের সুপারিশমালা ব্যাপক প্রশংসা পায় বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায়ের তরফ থেকে।
মহাসচিব জাতিসংঘের সাবেক নেই আর কফি আনান 2018-08-18