Don't Miss
Home / হোম স্লাইডার / পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান
আজ শনিবার সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ক্রিকেটার ইমরান খানকে শপথ বাক্য পাঠ করান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। এর আগে গতকাল শুক্রবার বিকেলে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটিতে সাবেক এই ক্রিকেট তারকাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির নবনির্বাচিত সাংসদরা। জাতীয় পরিষদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হন ৬৫ বছর বয়সী ইমরান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ পান মাত্র ৯৬ ভোট।

আজ শনিবার সকাল ১০টার দিকে প্রেসিডেন্ট হাউজে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান। প্রেসিডেন্ট মামনুন হুসাইন ইমরানকে শপথ বাক্য পাঠ করান। ওই সময় ইমরানের চোখে জল দেখা গেলেও মুখে হাসি ছিল বলে জানায় বিবিসি।

শপথ গ্রহণের জন্য ইসলামাবাদে নিজ বাসভবন থেকে প্রেসিডেন্ট হাউজে আসেন ইমরান। তিনি কালো রঙের শেরওয়ানি পরে ছিলেন। স্ত্রী বুশরা মানেকা আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলেন। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ইমরান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসির-উল মুলক, জাতীয় পরিষদের নবনির্বাচিত স্পিকার আসাদ কায়সার, সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমান বাহিনীর প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও নৌ-বাহিনীর প্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসি এবং পিটিআইর কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

অন্যান্যের মধ্যে ছিলেন ভারতের সাবেক ক্রিকেট তারকা নবোজিত সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা ও সাবেক লিজেন্ড পেসার ওয়াসিম আকরাম, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ স্পিকার চৌধুরী পারভেজ এলাহি, গায়ক সালমান আহমেদ ও আবরারুল হক, অভিনেতা জাভিদ শেখ এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার ফাহমিদা মির্জা।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আধাঘণ্টা দেরিতে মূল অনুষ্ঠান শুরু হয়।

সকাল ১০টার পরপরই ইমরানকে শপথ বাক্য পাঠ কারানো হয়। শপথ গ্রহণের পর তিনি স্ত্রী বুশরাকে নিয়ে মঞ্চ থেকে নেমে আসেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে হারিয়ে গতকাল শুক্রবারই নিজের প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত করেছিলেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান।

ওইদিন দুপুর সাড়ে ৩টার দিকে অ্যাসেম্বলির নব নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হওয়ার পর ভোট শুরু হয় এবং ইমরান প্রত্যাশিতভাবেই জিতে যান। তাকে ভোট দেন ১৭৬ সদস্য, শাহবাজ পান ৯৬ ভোট।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এতে ১১৬টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইমরানের দল পিটিআই। তবে নিয়ম অনুসারে দেশটির পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৩৭টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন নিশ্চিত করেছিল পিটিআই। যে কারণে ইমরানের প্রধানমন্ত্রীত্ব একরকম নির্ধারিতই ছিল।

১৯৯২ সালে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন ইমরান খান। পরবর্তীতে ১৯৯৬ সালে পিটিআই গঠন করে তিনি রাজনীতি শুরু করেন। দল গঠনের ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করলেন তিনি।

ক্রিকেটের বরপুত্র থেকে রাজনীতিতে যোগ দেওয়ার দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ইমরান আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী।

যদিও অনেকের মতে, পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীই ইমরানকে ক্ষমতায় এনেছে। ইমরানকে সামনে রেখে তারাই মূলত দেশ পরিচালনা করবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...