Don't Miss
Home / জাতীয় / জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক মনিরা শারমিন

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক মনিরা শারমিন

এমএনএ প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নতুন ঘোষিত কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক, ডা. মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব এবং নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুলাই-পরবর্তী সময়ে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সক্রিয় হতে আগ্রহী নারীরা এই হয়রানির শিকার হচ্ছেন, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।

তিনি বলেন, “এই পরিস্থিতির কারণে ছাত্র আন্দোলনের অনেক নারী রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছেন। সাংগঠনিকভাবেও আমরা হয়তো নারীদের জন্য কাঙ্ক্ষিত স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি।”

নাহিদ ইসলাম আরও জানান, সাইবার জগতের নেতিবাচক প্রভাব এতটাই তীব্র যে নির্বাচনের আগে তাদের এক নারী কর্মী আত্মহত্যা করতে বাধ্য হন। ধানমন্ডি ৩২ নম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে ভয়াবহ সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যে নারীরা সক্রিয়ভাবে রাজপথে ছিলেন, পরবর্তীতে রাজনীতির মাঠে তাদের অনেককে আর দেখা যায়নি। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর দায় নেতৃত্ব হিসেবেও আমাদের কিছুটা বহন করতে হয়।”

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সফরের সময় আন্দোলনে অংশ নেওয়া অনেক নারীর সঙ্গে তাদের দেখা হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং মত প্রকাশের আগ্রহ থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক নানা বাস্তবতার কারণে তারা সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে পারেননি।

তিনি অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তন কিংবা নির্বাচনের পরপরই সমাজে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে এই ধরনের ঘটনা বাড়ে। দলমত নির্বিশেষে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...