Don't Miss
Home / আজকের সংবাদ / জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়; এটি মানুষের সংগঠন। ফলে দলের নেতাকর্মীদের ভুল-ত্রুটি বা অপরাধ হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না এবং নৈতিকতার প্রশ্নে দল কোনো ধরনের ছাড় দেবে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে আমরা একটি কথা পরিষ্কারভাবে বলেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।”

তিনি বলেন, এর অর্থ এই নয় যে দলের কেউ কখনো অন্যায় করে না। মানুষের ভুল, দোষ বা অপরাধ হতে পারে। তাই দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা তা সংশোধনের ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যারা ইসলামী আদর্শের রাজনীতি করেন, তাদের আচরণ ও ব্যক্তিজীবন সাধারণ মানুষের কাছে অনুসরণীয় হওয়া উচিত। তাই তাদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

তিনি বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

ডা. শফিকুর রহমান জানান, দলের অভ্যন্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সহনীয় মাত্রার কোনো বিচ্যুতি হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজন হলে পুনরায় দায়িত্বও দেওয়া হতে পারে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

তিনি বলেন, “সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই বার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, আমিসহ আমাদের সবার জন্য। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সাবধান, সবাই সাবধান।”

রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান দলীয় সদস্যদের আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সম্মেলনে ঢাকা জেলার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রুকন এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলীয় শৃঙ্খলা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

x

Check Also

ডিএক্সএসএ

১৮ ডিসেম্বর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ঘোষণা

এমএনএ শিক্ষাঙ্গন ডেস্কঃ ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধানমন্ডি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ) ...