Don't Miss
Home / হোম স্লাইডার / জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৪ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময়ের আবেদন জানালে আদালত শুনানি মুলতবি করে আগামী ১৪ জুন নতুন তারিখ ধার্য করেন।

এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পাশাপাশি আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল।

মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে সাত আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...