Don't Miss
Home / অর্থনীতি / জুলাইতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমল, নতুন মূল্য ১,৫২৮ টাকা

জুলাইতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমল, নতুন মূল্য ১,৫২৮ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক

বেসরকারি খাতে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা জুন মাসে ছিল ১ হাজার ৮৮৫ টাকা। ফলে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমেছে।

নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের পক্ষ থেকে নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাসের ধারাবাহিকতায় সৌদি আরামকোর জুলাই মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) কমেছে। পাশাপাশি আমদানি ব্যয়, মার্কিন ডলারের বিনিময় হার, সমুদ্র পরিবহন ব্যয়, বীমা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনা করে নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন ঘোষণায় ১২ কেজির পাশাপাশি অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও প্রতি কেজি ১২৭ টাকা ৩০ পয়সা হারে সমন্বয় করা হয়েছে। জুন মাসে এ হার ছিল প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা।

এদিকে, এলপিজিভিত্তিক যানবাহনের জ্বালানি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুলাই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা ৪০ পয়সা, যা জুন মাসে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ প্রতি লিটারে দাম কমেছে ১২ টাকা ৫৩ পয়সা।

তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

উল্লেখ্য, বাংলাদেশে বেসরকারি খাতে সরবরাহ করা এলপিজির দাম আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর মাসভিত্তিক কন্ট্রাক্ট প্রাইস (সিপি) এবং সংশ্লিষ্ট আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে বিইআরসি পুনর্নির্ধারণ করে থাকে। জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ায় দেশীয় বাজারেও এলপিজির দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেল।

x

Check Also

হজের প্রাক-নিবন্ধনে এনআইডি, ছবি, মোবাইল ও ব্যাংক হিসাবের তথ্য বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে হজযাত্রীদের নির্দিষ্ট কিছু তথ্য ও কাগজপত্র বাধ্যতামূলকভাবে জমা ...