এমএনএ রিপোর্ট : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। আজ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।
এদিন আরো তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিট, যাত্রী ৪১৯জন। বিজি-৭০১১ বিকেল ৭টা ৫৫ মিনিট, যাত্রী ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে যাবে।
গত শনিবার আশকোনায় হজক্যাম্পে চলতি হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হজ অফিস পরিচালক হাফিজ উদ্দিন গণমাধ্যমকে জানান, আজ সরকারিভাবে হজে যাওয়া যাত্রীদের প্রথম যাত্রা শুরু হচ্ছে।
তিনি বলেন, হজযাত্রীদের সুবিধার্থে এ ক্যাম্পেই ইমিগ্রেশন ও কাস্টমস করা হচ্ছে। একই সঙ্গে বিমানের টিকিট দেয়া হচ্ছে। হজযাত্রীদের সেবায় ১৫টি সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাম্পে সেবা দিচ্ছে। ক্যাম্পের একটি মাত্র গেট দিয়ে দু’দফায় তল্লাশির পর হজযাত্রী ও তাদের স্বজনদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। নারীদের লাইন আলাদা করে দেয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে হজযাত্রী সেবায় নিয়োজিত রয়েছেন স্কাউটসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সদস্যরা।
বিমান ১৭৭টি ডেডিকেটেড এবং ৩৩টি সিডিউল ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। ১৬৯টি ডেডিকেটেড ও ৩০টি সিডিউল ফ্লাইটে বিমান সৌদি আরব থেকে হজযাত্রীদের দেশে আনবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

