এমএনএ প্রতিবেদক
দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের মূল্য স্থিতিশীল রাখছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে চিরুনি অভিযানসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আসছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও যেন তেলের দাম না বাড়ে—সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ এবং মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং তা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা কমিটিকে অবহিত করেছেন।
চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী এবার প্রথমবারের মতো মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিতে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এ ধরনের ব্রিফিং এখন থেকে প্রতি মাসে আয়োজন করা হবে।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

