Don't Miss
Home / সারাদেশ / জ্বালানি সংকট বিবেচনায় ২৬ মার্চে দেশব্যাপী আলোকসজ্জা নয়

জ্বালানি সংকট বিবেচনায় ২৬ মার্চে দেশব্যাপী আলোকসজ্জা নয়

এমএনএ প্রতিবেদক

জ্বালানি সংকট মোকাবিলা ও কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এ বছর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় এবং সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে এ বছর দেশব্যাপী আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একই সঙ্গে দিবসটির কর্মসূচিগুলো যাতে নিরাপদে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও গভীর শোকের মধ্য দিয়ে পালন করা হবে। এ দিবস পালনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করবে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিত করবে।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি থাকবে। এসব কর্মসূচি নিরাপদে সম্পন্ন করা এবং যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঈদযাত্রায় যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিল্প পুলিশে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে, যিনি বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মব এবং তাৎক্ষণিক সংঘটিত কিছু অপরাধকে এক করে দেখা ঠিক নয়। তিনি নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার উদাহরণ দিয়ে বলেন, এ ঘটনায় দ্রুত তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার মব কালচারের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং বাংলাদেশ থেকে এ ধরনের সংস্কৃতি নির্মূল করা হবে।

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে গার্মেন্টস মালিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছে। অধিকাংশ প্রতিষ্ঠানই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। কোনো প্রতিষ্ঠানে সমস্যা থাকলে তা আগেই সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...