Don't Miss
Home / আইন আদালত / দূদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

দূদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

এমএনএ প্রতিবেদক

১১ কোটির বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ-এর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান।

মামলার বিবরণ অনুযায়ী, দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে তিনি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে প্রায় ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। কিন্তু তদন্তে তার নামে প্রায় ৭ কোটি ৫২ লাখ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। এতে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকা।

তদন্তে তার বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা শনাক্ত করা হয়। ব্যয় বাদ দিলে নিট সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়ের বাইরে অর্জনের অভিযোগ উঠে আসে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, এসব অর্থের উৎস ও মালিকানা গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে।

x

Check Also

সিলেটে তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৮, অধিকাংশই নির্মাণশ্রমিক

সিলেট প্রতিনিধি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ...