Don't Miss
Home / আজকের সংবাদ / দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রিপোর্ট : ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে’ যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বিকেলে ফ্রান্সে তিন দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফেরেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিকেল ৫টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকায় ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশের সময় ২টা ৩৫) প্রধানমন্ত্রী চালর্স দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে ‘ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনের’ সহ-আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এই সম্মেলনে যোগদান করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্যারিসের শহরতলী ইল সেঁগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিকালে ‘ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে’ যোগ দেন। এই সম্মেলনে ১০০টি দেশের নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ২ হাজার প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সফরকালে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার সকালে এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি সম্মেলন উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্র প্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে ফ্রান্সের শীর্ষ ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাতঃরাশকালীন সভায় অংশ নেন। ফরাসি তেল কোম্পানি টোটাল’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ সকেট ও ফরাসি এয়ারোস্পেস কোম্পানি থেলস’র জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান শায়েক একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
‘ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে গত সোমবার ফ্রান্সে যান প্রধানমন্ত্রী।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...