Don't Miss
Home / আজকের সংবাদ / নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

এমএনএ প্রতিবেদক

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রমে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও কার্যকর করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে নবনিযুক্ত প্রশাসকদের নিজ নিজ জেলায় দ্রুত কার্যক্রম শুরু, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রশাসকদের উদ্দেশে কঠোর বার্তা দেন তারেক রহমান। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে প্রভাবশালী মহল বা সিন্ডিকেটের প্রভাবমুক্ত থেকে কাজ করারও নির্দেশনা দেন তিনি।

এছাড়া তিনি প্রশাসকদের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার আহ্বান জানান। নাগরিকদের সমস্যা দ্রুত সমাধান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন, যাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

এর আগে, গত ৩০ মার্চ তারেক রহমান নবনিযুক্ত ৪২টি জেলার প্রশাসকদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে তিনি মাঠপর্যায়ে প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...