এমএনএ প্রতিবেদক
গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বরিশালের কৃষক নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু। শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
সংবাদ সম্মেলনে দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, দলের নীতিগত অবস্থান অনুযায়ী একই ব্যক্তি যেন দলীয় প্রধান ও সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে পালন না করেন—সেই বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ দায়িত্বকে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে দেখছেন।
আবুল হাসান রুবেল আরও বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর আদর্শ অনুসরণ করে দল রাষ্ট্রীয় ক্ষমতা ও সংগঠনের দায়িত্ব পৃথক রাখার নীতিতে বিশ্বাস করে। সেই নীতির বাস্তবায়ন হিসেবেই নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। তিনি জানান, বর্তমানে তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
দেওয়ান আব্দুর রশিদ নীলু দীর্ঘদিন ধরে গণসংহতি আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি বরিশাল জেলার সমন্বয়কারী এবং বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সভাপতির দায়িত্বও পালন করছেন।
১৯৫৬ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করা নীলু ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে কিশোর বয়সে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বরিশালের পেয়ারা বাগান এলাকায় যুদ্ধ করেন।
বরিশাল অঞ্চলে শ্রমিক ও কৃষকের অধিকার আদায়ের আন্দোলনে তিনি অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। বরিশাল, পটুয়াখালী, ভোলা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে শ্রমজীবী মানুষের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ১৯৭৫ সালে গ্রেফতার হন এবং ১৯৭৯ সাল পর্যন্ত কারাবন্দি ছিলেন।
১৯৮৯ সালে তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৬ সালে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি গণতান্ত্রিক মজদুর পার্টিতে যোগ দেন।
২০১৬ সালে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে রাজনৈতিক পরিষদের সদস্য নির্বাচিত হন নীলু। এরপর ২০২১ সালে দলের চতুর্থ এবং ২০২৫ সালে পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় একই পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

