Don't Miss
Home / হোম স্লাইডার / নাইজেরিয়ায় বোকা হারামের হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ায় বোকা হারামের হামলায় নিহত ৬৫

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নোপ্রদেশে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বোকা হারামের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৫।

আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ধারণা, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের গুলিতে শেষকৃত্যে যোগ দেয়া লোকজনকে হত্যা করেছে। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

এ সময় ঘটনাস্থলে ২১ এবং পালাতে গিয়ে আরও ৪৪ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বোর্নোপ্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সময় মোটরসাইকেল ও ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ২১ জনের মৃত্যু হয়। অন্যদিকে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আরও ৪৪ জন নিহত হন।

ওই এলাকায় ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের উৎপাত বেড়ে গেছে। সম্প্রতি তারা সেখানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, অঞ্চলটি জুড়ে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর হামলা বেড়েই চলেছে। দশক ধরে চলতে থাকা এ সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে ২০ লাখের বেশি মানুষ।

স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ বুলামা বলেন, দুই সপ্তাহ আগে গ্রামবাসীর হাতে বোকো হারামের ১১ সদস্য নিহত হয়েছিলেন। ওই ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি নৌবাহিনী ও সেনাবাহিনীকে এ হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

শুধু নাইজেরিয়াতেই নয়, বরং প্রতিবেশী চাদ, নাইজার ও ক্যামেরুনেও সক্রিয় রয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

জঙ্গি সংগঠন বোকো হারাম সরকার হটিয়ে ওই অঞ্চলে ইসলামি রাষ্ট্র তৈরি করতে চায়। তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ এবং পশ্চিমাদের সঙ্গে রাজনৈতিক, সামাজিক বা যেকোনো ধরনের সম্পর্ক রাখা মুসলিমদের জন্য নিষিদ্ধ।

২০১৪ সালে বর্নোর চিবক শহরের একটি স্কুল থেকে তিন শয়ের মতো ছাত্রীকে অপহরণ করে তারা বিশ্ব গণমাধ্যমের নজরে আসে। এই রাজ্যে সংগঠনটি সবচেয়ে বেশি সক্রিয়।

২০১৫ সালে বোকো হারাম সবচেয়ে ভয়াবহ জঙ্গি সংগঠন হিসেবে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের তালিকায় উঠে আসে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...