Don't Miss
Home / হোম স্লাইডার / নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

এমএনএ রিপোর্ট : ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কো-অর্ডিনেশন গ্রুপের কো-চেয়ারদের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশনও বাংলাদেশে যাবে না।’

ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপের কো-চেয়ারম্যানের দেয়া ওই বিবৃতিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের আসন্ন নির্বাচনের ব্যাপারে ইইউর পার্লামেন্টের অবস্থান পরিষ্কার করা হয়েছে।

ইপির দুই সদস্য ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভান স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, ‘ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বা মন্তব্য করতে দায়িত্বও দেয়া হয়নি। এ নিয়ে কোনো সদস্যের বক্তব্য ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে না।’

বিবৃতিতে বলা হয়, সুতরাং আমাদের কোনো সদস্য যদি এ বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে তা কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের ভাষ্য হবে না। ইউরোপীয় পার্লামেন্টে গত ১৫ নভেম্বর বাংলাদেশের নির্বাচন নিয়ে গৃহীত এক প্রস্তাবে সংস্থাটির এই অবস্থান স্পষ্ট করা হয় বলে বিবৃতিতে একটি নোটও দেয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দেয়ার কাজ শেষ করেছে। এখন চলছে মনোনয়ন দাখিল ও যাচাই-বাছাইয়ের কাজ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...