Don't Miss
Home / হোম স্লাইডার / নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন মাশরাফি-সাকিব

নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন মাশরাফি-সাকিব

এমএনএ রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

আগামীকাল রবিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আজ শনিবার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, তারকা খেলোয়াড় মাশরাফি ও সাকিব আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির অফিসে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন।

মাশরাফি নড়াইল আর সাকিব মাগুরা থেকে মনোনয়নপত্র নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মাশরাফি বিন মর্তুজা এবং মাগুরা-১ আসন থেকে সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন বলে জানা গেছে।

গত ২৯ মে ক্রিকেটার মাশরাফি ও সাকিব নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি তখন বলেন, তারা যদি নির্বাচনে আসেন, তাহলে তাদের ভোট দেবেন।

মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।

গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

টেস্ট দলের অধিনায়ক সাকিবের বাড়ি মাগুরা সদরে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে গত শুক্রবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে ভিড় জমিয়েছেন সেখানে।

এবার ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম। গতবার ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের তহবিলে জমা পড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...