Don't Miss
Home / আজকের সংবাদ / পাহাড়ধসের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

পাহাড়ধসের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এমএনএ রিপোর্ট : রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবনে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ মঙ্গলবার পৃথক শোক বার্তায় এই শোক জানান তারা। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ওই তিন জেলায় পাহাড় ধসে শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার শোক বার্তায় পাহাড় ধসে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সেই সঙ্গে উদ্ধার কাজের সময় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায়ও গভীর শোক প্রকাশ করেন তিনি। উদ্ধার কাজ দ্রুত শেষ এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এক শোকবার্তায় চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতিবৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

আরেক শোকবার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনাকাঙিক্ষত পাহাড় ধসে নারী, শিশু ও সেনা সদস্যসহ অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এ মৃত্যুতে জাতি মেধাবী সেনা সদস্যসহ যেসব ব্যক্তিকে হারালো, তা অপ্রত্যাশিত ও অপূরণীয়।

এ মৃত্যু থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পাহাড় ধসরোধে সচেতন থাকতে পাহাড়ী জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান স্পিকার।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...