এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফরে আসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী এপ্রিলে দুই দেশের ৩০ বছরের কূটনৈতিক সম্পর্কের বর্ষপূর্তিতে প্রথম সরকারি সফরে নয়াদিল্লি আসবেন তিনি। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ভারত ও ইসরাইলের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি দেখা করবেন ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গেও।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ এপ্রিল, শনিবার ভারতে পৌছবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনেট। ইসরাইলি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বন্ধু মোদির আমন্ত্রণ রক্ষা করতে এপ্রিলের প্রথমে ভারতে আসছি। আমন্ত্রণ রক্ষা করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবে দু’দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী আমরা।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্থনীতি, নয়া উদ্ভাবন, গবেষণা, উন্নয়ন, চাষাবাদ-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন ক্ষেত্রে ভারত-ইসরাইলের সহযোগিতা মজবুত করতে বদ্ধপরিকর দুদেশই।বেনেট বলেছেন, ‘ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা সেই চেষ্টাই করছি। সাইবার নিরাপত্তা, জাতীয় সুরক্ষা, পরিবেশ রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।’
পেগাসাস বিতর্কের মাঝেই ইসরাইল প্রধানমন্ত্রীর ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৯২ সালে তেল আভিভে প্রথম দূতাবাস চালু করেছিল ভারত। চলতি বছরে সেই সম্পর্কের ৩০ বছর পূর্ণ হচ্ছে। দু’দেশের সম্পর্ক মজবুত করতেই ইসরাইলের প্রধানমন্ত্রীর এই সফর।
ইসরাইলের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর বেনেটের সঙ্গে ২০২১ সালে অক্টোবরে গ্লাসগোয় জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত বৈঠকে মোদির সাক্ষাৎ হয়। বৈঠকের পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশকিছুক্ষণ কথা হয়েছিল। সেইসময়ই বেনটেকে ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। এবার সেই আমন্ত্রণরক্ষার পালা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

