ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতলেন জয়া আহসান
Posted by: News Desk
February 18, 2018
এমএনএ বিনোদন ডেস্ক : সেরা অভিনেত্রী হিসেবে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ ছবির জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন। গতকাল শনিবার রাতে তার হাতে তুলে দেওয়া হয় ‘ব্ল্যাক লেডি’।
কলকাতায় ছবিতে এখন বাংলাদেশের জয়া আহসান এক অনন্য নাম। নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধতা তৈরি করেই চলেছেন এই অভিনেত্রী। বেড়েই চলেছে প্রাপ্তিও। এবার সেরা অভিনেত্রী হিসেবে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন অভিনেত্রী জয়া আহসান।
এ পুরস্কার পেয়ে বেশ উচ্ছসিত জয়া। পুরস্কার প্রাপ্তির পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছেন, সবকিছুই আপনাদের ক্রমাগত ভালোবাসা ও আমার কাজে স্বীকৃতি। এটা আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।
তৃতীয়বারের মতো জিও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-২০১৮ (পূর্বাঞ্চলীয়) আয়োজন করা হয়। এবারের পুরস্কার বিতরণী আসর বসেছিলো কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এতে টলিউডের নামিদামি অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা অংশ নেন।
ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্র বিভাগেও পুরস্কার জিতেছে ‘বিসর্জন’। একই ছবির জন্য সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন কৌশিক গাঙ্গুলি ও ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ।
জয়া আহসান জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এর আগেও ‘আবর্ত’ এবং ‘ঈগলের চোখ’ ছবির জন্য (পূর্ব) দু’বার মনোনয়ন পেয়েছিলেন।
জয়া ছাড়াও বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছেন চিরকুট ব্যান্ডের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছেন সুমী এবং একই ছবির আবহসংগীতের জন্য মনোনয়ন পেয়েছেন পাভেল আরীন।
গতকাল শনিবারের সন্ধ্যায় জয়ার পাশাপাশি সম্মানিত হয়েছেন বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ‘ময়ুরাক্ষী’ ছবির জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে তার হাতে। ওই একই ছবির জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর ‘প্রজাপতি বিস্কুট’ ছবির জন্য এই ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হয়েছেন ইশা সাহা। যদিও এখানেও মনোনিত হয়েছিলেন বাংলাদেশের জয়া।
এবারের আসরে আজীবন সম্মাননা দেয়া হয়েছে কলকাতার দুই কিংবদন্তী সাবিত্রী চট্টোপাধ্যায় ও মৃণাল সেনকে। পুরস্কার নিতে সাবিত্রী মঞ্চে এলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি মৃণাল সেন। মৃণালের সঙ্গে দেখা করে তার হাতে পুরস্কার তুলে দেন বিখ্যাত বলিউড অভিনেত্রী শাবানা আজমি।
ফিল্ম ফেয়ার ছাড়াও গত ১৯ ডিসেম্বর মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডসে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ১৪ জানুয়ারি পেয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ২০১৮’(WBFJA)-তে সেরা অভিনেত্রীর পুরস্কার। এই দুটি পুরস্কারই জয়া পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য।
জয়া আহসান জিতলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2018-02-18