Don't Miss
Home / সারাদেশ / ফ্লাইট বাতিল হওয়ায় ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তা দেবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

ফ্লাইট বাতিল হওয়ায় ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তা দেবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট প্রতিনিধি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের সহায়তায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ উদ্দেশ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে।

তিনি বলেন, প্রবাসীরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকারের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।

শনিবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে সরকারের উদ্যোগ কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশি দূতাবাসগুলো পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাই বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। তিনি আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তাই সিলেটে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। “আমরা একটি নিরাপদ সিলেট চাই,” বলেন তিনি।

এর আগে হোলি উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ আরও অনেকে।

x

Check Also

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের কারণে দেশের সফল ইপিআই কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়: স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইউনিসেফের দেওয়া নতুন ভ্যাকসিনের চালান গ্রহণের সময় স্বাস্থ্য ...