Don't Miss
Home / সারাদেশ / বগুড়া সিটি করপোরেশন গঠন করে গেজেট প্রকাশ, যুক্ত হলো ২১টি ওয়ার্ড

বগুড়া সিটি করপোরেশন গঠন করে গেজেট প্রকাশ, যুক্ত হলো ২১টি ওয়ার্ড

এমএনএ প্রতিবেদক

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। বিদ্যমান বগুড়া পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন এ সিটি করপোরেশন গঠন করেছে সরকার। এতে মোট ২১টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরে রয়েছে নিশিন্দারা, রাজাপুর ও শাখারিয়া ইউনিয়নের অংশ; দক্ষিণে আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন; পূর্বে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নের অংশ এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে জনমত আহ্বানের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে বগুড়ার জেলা প্রশাসক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদন পর্যালোচনা শেষে সরকার বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত করে।

x

Check Also

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মোড়: তেল আমদানি, ভিসা কার্ড বাজার ও তাইওয়ান ইস্যুতে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। ...