এমএনএ প্রতিবেদক
আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের নামে ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়। তিনি জানান, আগামীকাল থেকে কর্মদিবস গণনা শুরু হবে এবং ১৫, ১৬ বা সর্বোচ্চ ১৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের শপথ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের শপথ শেষে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের নিজ নিজ সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করবেন। এরপর রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। সুবিধাজনক সময় নির্ধারণ করে পরবর্তীতে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ড. শেখ আব্দুর রশীদ বলেন, “আমরা আশা করছি তিন থেকে চার দিনের মধ্যেই শপথ সম্পন্ন হবে।” শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সময় পরিবর্তন হলেও সে অনুযায়ী ব্যবস্থা রাখা হয়েছে।
সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত। স্পিকার, ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত কেউ শপথ পাঠ করাতে পারেন। প্রয়োজনে সরকার অন্য কাউকে মনোনীত করতে পারে। সে ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনারও শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।
মন্ত্রিসভার সদস্যদের শপথ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

