খেলাধুলা প্রতিবেদক
আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবির আসন্ন নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত পরিষ্কারভাবে জানিয়েছেন যে, বিসিবির নির্বাচনী কার্যক্রমে তারা কোনো হস্তক্ষেপ করবেন না।
এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়েও হাইকোর্টে পৃথক একটি রিট আবেদন করা হয়।
সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ মোট ১২ জন এ আবেদন দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট রয়েছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

