Don't Miss
Home / শিক্ষাঙ্গন / বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন : শিক্ষামন্ত্রী
আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন : শিক্ষামন্ত্রী

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)’ এর পাঁচ দিনব্যাপী আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপ্যান)’-এর ৫৩তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের চিরাচরিত শিক্ষাক্রমকে উন্নত বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরো উন্নত করা দরকার। এক্ষেত্রে ইউজিসি ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, এপ্যানের চেয়ারম্যান অধ্যাপক ড. জিলং ওয়াং। স্বাগত বক্তব্য দেন বিডিরেনের ভাইস চেয়ারম্যান ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগম।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ করে উচ্চশিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মান বৃদ্ধি এবং উন্নত মানের গবেষণা কার্যক্রমকে কাজে লাগাতে না পারলে কোনো সেক্টরেই আশানুরূপ ফল পাওয়া যাবে না। এ কারণে আমাদের শিক্ষার মান বৃদ্ধিতে সত্যিকারের ‘ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়া’ গঠন করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দিক দিয়ে আরও দক্ষ করে তুলতে হবে। সর্বোপরি, আমাদের ‘আউটকাম বেইজড এডুকেশন’র দিকে ঝুকতে হবে।
করোনাকালে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দুর্বল ইন্টারনেটের গতি, ডিভাইসের স্বল্পতা এবং উচ্চমূল্যের ইন্টারনেট খরচের কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। অধিকাংশ উন্নয়নশীল দেশেরও একই ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। এটা সত্য যে, এর দ্রুত সমাধান নেই।
শিক্ষার্থীদের অনলাইন ক্লাস সহজলভ্য সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে সরকার রাষ্ট্রায়ত্ত্ব টেলি কমিউনিকেশন সেবা প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে কথা বলে ডাটা খরচ কমিয়েছে। টেলিটকের মাধ্যমে বিডিরেনের প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ফ্রি করা হয়েছে। অন্যান্য মোবাইল অপারেটরাও ত্রিশ শতাংশ কম খরচে ইন্টারনেট সেবা দিয়েছে। ইউজিসি শিক্ষার্থীদের ডিভাইস কেনার জন্য লোন দিয়েছে।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি আশা করব আপনারা অনলাইন শিক্ষাকে আরো বেশি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপর্ণ ভূমিকা রাখবেন। আমরা বর্তমানে পাবলিক-প্রাইভেট যৌথ সহযোগিতার কথা ভাবছি। বেসরকারি উদ্যোক্তাদের গবেষণা কার্যক্রমে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চ শিক্ষায় নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ মানুষদের তত্ত্বাবধানে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উপর্যযুক্ত প্রশিক্ষণ প্রদান করতে হবে। এর জন্য প্রয়োজন সকলের মধ্যে নেটওয়ার্কিং। এর মাধ্যমে নতুন যুগের চাহিদা অনুযায়ী মানবসম্পদ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় ঢাবি উপাচার্য আখতারুজ্জামান এদেশের অনলাইন শিক্ষা কার্যকমে বিডিরেনের ভূমিকার কথা তুলে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি এই সভার সাফল্য কামনা করেন।
সভার দ্বিতীয় সেশনে কি-নোট বক্তৃতা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এরপর প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...