এমএনএ খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ভারত। প্রতিপক্ষ আসরের চমক জাগানিয়া দল আফগানিস্তান। কঠিন সমিকরণের ম্যাচে ভারত দলে আসতে পারে একাধিক পরিবর্তন। ফিরতে পারেন সূর্যকুমার জাদব।অন্যদিকে, ক্রিকেটের সর্টার ফরম্যাটে এরই মধ্যে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়া আফগানরা, ভারতকে চমকে দিতে চায়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায়।
তবে কি অতি-আত্মবিশ্বাসই হয়ে গেল কাল। মাইটি ইন্ডিয়ার দম্ভচূর্ণ হলো মোটে দুই ম্যাচেই। অথচ প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান হওয়ার কথা ছিল মামুলি। কিন্তু সেই আফগানরাই এখন ম্যাচের আগে ভারতীয় শিবিরে বাড়াচ্ছে চাপ। কারণ এ ম্যাচে পা ফসকালেই যে বিপদ।
তবে ডু-অর ডাই ম্যাচের আগে, অনুশীলনে নির্ভার ছিল গোটা দল। আগের ম্যাচে ম্লান পারফর্মেন্সের কারণে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ। ইনজুরিতে কিউইদের বিপক্ষে না থাকা সূর্যকুমার জাদবের ফেরাটা নিশ্চিত। সবমিলিয়ে ভারত পাচ্ছে পূর্ণশক্তির একাদশই।
ম্যাচের একদিন আগে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমাদের প্রথমে জিততে হবে। পরে রান রেটের কথা ভাবা যাবে। ক্রিকেটাররা নিজেদের পারফর্মেন্স নিয়ে সজাগ আছে। ওরা জানে ঠিক কি করতে হবে। এখনো তিন ম্যাচ হাতে আছে আমাদের। একাদশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
অন্যদিকে আসরে আফগানরা খেলছে একটা দল হয়ে। জাজাই-শেহজাদ-গুলবাজরা দিচ্ছেন উড়ন্ত সূচনা। বোলিংয়ে রশিদ-মুজিব প্রতিপক্ষ শিবিরে ছড়াচ্ছেন ত্রাস। গোটা দল মানসিকভাবেও প্রস্তুত ভারত বধের জন্য।
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার হামিদ হোসেন বলেন, ভারত নয় বরং আমরা শুধুমাত্র আমাদের পারফরম্যান্স নিয়েই ভাবছি। আমরা নির্ভার হয়ে খেলতে পারব। বিশ্বকাপের মতো আসরে ভারতকে হারাতে পারলে তা আমাদের ক্রিকেটের জন্য হবে দারুণ অর্জন। এমন সুযোগ হয়তো সবসময় আসবে না।
এর আগে টি-টোয়েন্টিতে দু’দলের দুই বারের দেখায় দুটো ম্যাচই জিতেছিল টিম ইন্ডিয়া। তবে আবুধাবির উইকেট বলে, এবার নতুন গল্প লেখা হলে থাকবে না অবাক হওয়ার মতো কিছুই।এদিকে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেখানে হট ফেভারিট ছিল ভারত, সেই ভারতই তাদের প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা অবস্থায়। ভারতের এই বাজে পারফরমেন্সের কারণ খুঁজতে গিয়ে অনেকেই মনে করছিলেন দলে হয়তো ভাঙন ধরেছে।
কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার সেই একই ইঙ্গিত দিলেন। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘ভারতীয় দলের মধ্যে দুটো ক্যাম্প তৈরি হয়েছে। একটা দল কোহলির পক্ষে, অন্য দল আবার কোহলির বিরুদ্ধে।’
যদিও শোয়েব ভারত অধিনায়ককে সম্মান জানাতে বলেছেন। শোয়েব বলেছেন, ‘কোহলি গ্রেট ক্রিকেটার। দুটো ম্যাচে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে না পারলেও ওকে সম্মান করা উচিত।’পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারত হার মানে। দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে হারতে হয় ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং স্লট থেকে সরিয়ে তিন নম্বরে পাঠানো হয় রোহিত শর্মাকে। চারে নেমে যান বিরাট।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

