Don't Miss
Home / আজকের সংবাদ / ভিসা ছাড়াই কাতারে যেতে পারবেন ৮০ দেশের নাগরিক

ভিসা ছাড়াই কাতারে যেতে পারবেন ৮০ দেশের নাগরিক

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ৮০টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই কাতারে যেতে পারবেন। থাকতে হবে কেবল বৈধ পাসপোর্ট। তবে ভিসামুক্ত কাতারের নতুন ভ্রমণ তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের নাম নেই।

আকাশপথে পরিবহন ও পর্যটন খাতকে চাঙা করতে গতকাল বুধবার ভিসা ছাড়াই প্রবেশাধিকারের ঘোষণা দিয়েছে কাতার।কাতারের সরকারি সূত্রে ঘোষণা করা হয়েছে, ‘ভিসা-ফ্রি এন্ট্রি’র তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ৮০টি দেশ রয়েছে।

এই তালিকাভুক্ত দেশের নাগরিকরা কাতারে যেতে চাইলে, ভিসার জন্য আলাদা করে আবেদন করার দরকার হবে না। ভিসা পেতে টাকাও দিতে হবে না। কাতারে প্রবেশের আগে পর্যটকদের নামে নামে ‘মাল্টি এন্ট্রি ওয়েভার’ ইস্যু করা হবে। এ জন্য কানা কড়িও খরচ হবে না। তবে, ভিসা না লাগলেও বিদেশি পর্যটকদের কাছে ভ্যালিড পাসপোর্ট (কমপক্ষে ছয় মাসের মেয়াদ) এবং রিটার্ন টিকিট থাকতে হবে।

দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পর্যটন বিভাগের কর্মকর্তা হাসান আল-ইব্রাহিম বলেন, ভিসা ছাড়াই তাঁদের দেশে যাওয়ার এই পরিকল্পনা কাতারকে ওই অঞ্চলে সবচেয়ে মুক্ত দেশে পরিণত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল-মাজরউই বলেন, ৮০টি দেশের নাগরিকদের এখন কেবল বৈধ পাসপোর্ট লাগবে কাতারে প্রবেশ করার জন্য। যদিও কোন কোন দেশের নাগরিকেরা ভিসা ছাড়া প্রবেশাধিকার পাবেন কিংবা কবে নাগাদ এই কর্মসূচি চালু হবে, সে-সংক্রান্ত কিছু গতকাল জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা ছাড়া কাতার গিয়ে ৩৩টি দেশের নাগরিকেরা ১৮০ দিন এবং বাকি ৪৭টি দেশের নাগরিকেরা ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। প্রয়োজনে সেখানে থাকার মেয়াদ আরও একবার বাড়াতে পারবেন।

কাতার এয়ারওয়েজের প্রধান আকবার আল-বাকের বলেন, তিনি মনে করছেন যে নতুন কর্মসূচির প্রাথমিক সুফলভোগী হবেন তাঁরা।

উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ২৪ লাখ জনসংখ্যার দেশটিতে ৯০ শতাংশই বিদেশি নাগরিক। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে বাইরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে দোহা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...