মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : ভোজ্যতেলের দাম আগামী শনিবার থেকে লিটারপ্রতি ৫ টাকা কমছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান প্রতি লিটারে ৪ টাকা দাম কমার প্রস্তাব করেন। এসময় বাণিজ্যমন্ত্রী ১ টাকা বাড়িয়ে লিটারে ৫ টাকা কমানোর আহবান জানালে বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা মেনে নেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক কমেছে। তাছাড়া দেশে বর্তমানে মজুদও পর্যাপ্ত। এ অবস্থায় আমদানিকৃত ভোজ্যতেল লিটার প্রতি ৫ টাকা কমানো দরকার। আগামী শনিবার থেকে এই মূল্য কার্যকর হবে।
উল্লেখ্য, বর্তমানে বাজারে খোলাতেল প্রতিলিটার ৮৫ থেকে ৮৮ টাকায় এবং বোতলজাত তেল প্রতিলিটার ৯৫ টাকা থেকে ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকায়। এসময় বৈঠকে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ জানান, আগামী ৬ মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে।
তিনি জানান, আমরা ইতোমধ্যে ব্যাংকগুলোর সাথে বৈঠক করে কথা বলেছি।ব্যাংকগুলো আমাদের জানিয়েছেন, বর্তমানের সুদহার হ্রাস করে ৬ মাসের মধ্যে ৯শতাংশে নামিয়ে আনা হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, সাবেক সভাপতি একে আজাদ, ইউসুফ আব্দুল্লাহ হারুণ, বিটিএমএ’র চেয়ারম্যান তপন চৌধুরী, ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


