ভয়াবহ তুষারে বিপর্যস্ত ইউরোপ, ৫৫ জনের প্রাণহানি
Posted by: News Desk
March 2, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউরোপের বেশিরভাগ অংশ জুড়েই ভয়াবহ ঠাণ্ডা আর তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তীব্র শীতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
সাইবেরিয়ান বা আর্টিক বায়ুর প্রভাবে প্রচণ্ড ঠাণ্ডায় ইউরোপের বিভিন্ন দেশের রাতের গড় তাপমাত্রা ধারণার চেয়েও কমে যাওয়ায় মহাদেশটির বেশিরভাগ অঞ্চলেই সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।
হিমঝড় ও তীব্র তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ। বিরূপ আবহাওয়ার কারণে হাজারও ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিভিন্ন দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে গত সোমবার জার্মানির দুটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ অবস্থায় বিভিন্ন দেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
তীব্র শীতে মৃতদের মধ্যে অধিকাংশই গৃহহীন ও শরণার্থী ছিলেন। বয়স্ক ও শিশুরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে।
ভূমধ্যসাগরের সর্বোচ্চ দক্ষিণেও অস্বাভাবিক ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৫ তে পৌঁছেছে; কেবল পোল্যান্ডেই মারা গেছেন ২১ জন, যাদের বেশিরভাগই খোলা আকাশের নিচে ঘুমিয়ে ছিলেন।
সাইবেরিয়া থেকে ধেয়ে আসা বাতাসে ইউরোপের বড় অংশটি ভয়াবহ ঠাণ্ডা ও তুষারপাতে বিপর্যন্ত হয়ে পড়েছে। রাতের গড় তাপমাত্রা ধারণার চেয়েও কমে যাওয়ায় মহাদেশটির বেশিরভাগ অঞ্চলেই সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভয়াবহ এ হিমঝড়ে গৃহহীন ও অভিবাসীরা ভয়াবহভাবে আক্রান্ত হতে পারেন।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে- বৃদ্ধ, শিশু, যাদের ঠাণ্ডাজনিত অসুখ আছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি কিংবা যাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা আছে তারা এখন সবচেয়ে ঝুঁকিতে।
এ শৈত্যপ্রবাহকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। যুক্তরাজ্যে আবহাওয়ার এ অবস্থাকে ‘দ্য বিস্ট ফ্রম দ্যা ইস্ট’ নামে অভিহিত করেছেন আবহাওয়াবিদরা। ডাচরা এ অবস্থাকে সাইবেরিয়ান বিয়ার বা ‘সাইবেরিয়ার ভালুক’ ও সুইডিসরা একে স্নো ক্যানন বা‘তুয়ার তোপ’ বলে অভিহিত করেছেন।
আবহাওয়াবিদরা বলছেন, এই বছরের শীতে প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ ঠাণ্ডা পড়েছে।
ভূমধ্যসাগরের স্নিগ্ধ সমুদ্রসৈকতের জন্য খ্যাত ফ্রেঞ্চ রিবেইরা উপকূলেও দেখা মিলছে তুষারের।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের সঙ্গে দক্ষিণ থেকে ধেয়ে আসা ঝড় এমার জোড়াধাক্কা দেখার অপেক্ষা করছে আয়ারল্যান্ড। ডাবলিন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে; ব্যস্ত এ বন্দরের বিমান ওঠা-নামা আগামীকাল শনিবার সকাল পর্যন্ত বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও রানওয়ে থেকে তুষার সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যে সেটি ফের চালু করা হয়।
ফ্রান্সে মঁতপেল্লি শহরের কাছে একটি মহাসড়কে প্রায় দুই হাজার গাড়ি আটকে পড়েছে। চালকদের অনেকেই সড়কে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অসহায় অবস্থানে থাকার অভিযোগও করেছেন।
ঠাণ্ডা আবহাওয়ার ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে আমস্টারডামের শিফোল বিমানবন্দরও; কেএলএম এয়ারলাইন্স তাদের ডজনের ওপর ফ্লাইট বাতিল কিংবা দেরিতে ছাড়ার ঘোষণা দিয়েছে।
লন্ডন, প্যারিস ও ব্রাসেলসের মধ্যে চলাচল করা ইউরোস্টারের রেল যোগাযোগও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার থেকে শুরু হওয়া ঠাণ্ডায় স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃত তিনজনের মধ্যে একজন গৃহহীন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে তার মৃতদেহ পাওয়া যায়।
আবহাওয়াজনিত কারণে লিথুনিয়ায় ৫ জন, ফ্রান্সে ৪ জন, ২ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে সাইবেরিয়া, ইতালি, স্লোভেনিয়া ও রোমানিয়ার।
যুক্তরাজ্য ও নেদারল্যান্ডেও দু’জনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সের রাজধানী প্যারিসের কর্তৃপক্ষ তিন হাজার গৃহহীনের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ইউরোপের কিছু অংশে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে।
এ বিশৃঙ্খল পরিস্থিতিতে গ্যাস সরবরাহ নিয়ে নতুন বিরোধে জড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গ্যাজপ্রম গত বৃহস্পতিবার চুক্তি নবায়নের আগে ইউক্রেনে গ্যাস সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে।
ইউক্রেনের জ্বালানি সংস্থা ন্যাফটোগ্যাজ বলছে, গ্যাজপ্রমই চুক্তির শর্ত ভঙ্গ করেছে।
মস্কো ও কিয়েভের এ বিরোধ মেটাতে মাঠে নেমেছে ইউরোপীয় কমিশন। ২০১৫ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে দেশটির সঙ্গে ইউক্রেনের বিবাদ চলছে।
এমন আবহাওয়ায় ঘরের বাইরে ঘোরাফেরা না করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। ব্রিটেনে যাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফিরতে পরামর্শ দেওয়া হয়েছে।
ইউরোপ প্রাণহানি বিপর্যস্ত ভয়াবহ তুষারে ৫৫ জনের 2018-03-02