Don't Miss
Home / অর্থনীতি / রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের গুটি জাতের আম সংগ্রহ শুরু

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের গুটি জাতের আম সংগ্রহ শুরু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে গুটি জাতের আম পাড়ার মাধ্যমে চলতি মৌসুমের আম সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার থেকে এ জাতের আম বাজারে আসতে শুরু করে। পর্যায়ক্রমে অন্যান্য জাতের আমও সংগ্রহ ও বিক্রি শুরু হবে।

রাজশাহী জেলার বিভিন্ন বাগান ও নগরীর আশপাশের এলাকায় শুক্রবার সকালে চাষি ও ব্যবসায়ীদের গুটি আম পাড়তে দেখা যায়। প্রথম দিনে তুলনামূলকভাবে সীমিত পরিমাণে আম সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্ধারিত সময় অনুযায়ী আজ থেকেই গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। প্রথম দিন খুব বেশি আম তোলা হয়নি। আগামীকাল শনিবার বানেশ্বর হাটে এসব আম বিক্রির জন্য নেওয়া হবে। তবে শুরুতে বড় পরিসরে সংগ্রহের পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

চাষি রেজাউল করিম জানান, নগরীর বুধপাড়া এলাকায় গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। এখনো সীমিত পরিসরে আম সংগ্রহ চলছে, কয়েকদিন পর থেকে পুরোদমে পাড়া শুরু হবে।

আমের বাজারদর সম্পর্কে তিনি বলেন, মৌসুমের প্রথম দিন হওয়ায় এখনই নির্দিষ্ট দাম বলা যাচ্ছে না। হাটে ওঠার পরই মূলত দাম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং গুণগত মান নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী—২২ মে থেকে গোপালভোগ; ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ; ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত; ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহ করা যাবে।

এছাড়া ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ শুরু হবে। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যায় বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী জেলায় প্রায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন, যার বাজারমূল্য ৭৮০ কোটি টাকারও বেশি।

x

Check Also

রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, শনাক্তদের দুই-তৃতীয়াংশ সমকামী

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে নীরবে বাড়ছে এইচআইভি (এইচআইভি/এইডস) সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ...