Don't Miss
Home / আন্তর্জাতিক / রাফায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিল আইসিজে
আন্তর্জাতিক বিচার আদালত

রাফায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিল আইসিজে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলকে অবিলম্বে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা অঞ্চলে সামরিক অভিযান এবং অন্য সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

শুক্রবার (২৪ মে) এই নির্দেশনা দেয়া হয়। এদিন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের প্রেসিডেন্ট নওয়াফ সালাম বলেন, মার্চ মাসে আদালতের শেষ আদেশের পর থেকে রাফাতে মানবিক পরিস্থিতির ‘আরও অবনতি হয়েছে’।

নওয়াফ সালাম বলেন, রাফাতে মানবিক পরিস্থিতি এখন ‘বিপর্যয়কর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আদালত নিশ্চিত নয় যে, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েল যে ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট কিনা। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়নি। রাফাতে সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।

রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়ে নওয়াফ সালাম বলেন, ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক আক্রমণ বন্ধ করতে হবে। এই হামলা গাজার ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর আঘাত করতে পারে। যা সেখানে বসবাসকারীদের স্বাভাবিক জীবন ব্যাহত করবে এবং তাদের শারীরিক ধ্বংসও ডেকে আনতে পারে।

আইসিজে কর্তৃক আদেশকৃত ব্যবস্থা প্রয়োগের অগ্রগতির বিষয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলকে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

এদিকে আইসিজের রায়ের পর ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার আইনি দল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, যারা ইসরায়েলকে যুদ্ধ বন্ধের দাবি করছেন, তারা দাবি করছেন যে ইসরায়েলের অস্তিত্ব বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া উচিত। ইসরায়েল কখনোই এতে রাজি হবে না।

অন্যদিকে হামাস রাফাহ বিষয়ে আইসিজে’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে শুধু এই রায় যথেষ্ট নয় এবং গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে হামাস।

পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) মুখপাত্র বলেছেন, তারা আইসিজে’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এ রায় গাজায় ইসরায়েলের আগ্রাসন শেষ করার জন্য একটি ‘আন্তর্জাতিক ঐকমত্য’-এর প্রতিনিধিত্ব করছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...