Don't Miss
Home / রাজনীতি / রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপত্তি, ডেপুটি স্পিকার ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপত্তি, ডেপুটি স্পিকার ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

এমএনএ প্রতিবেদক

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনকে ঘিরে বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সংসদে বিরোধীদলীয় উপনেতা ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাদের দল মনে করে বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের বলেন, “আমরা মনে করি বর্তমান রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর। তাই সংসদে তার ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। কেন তাকে দিয়ে ভাষণ দেওয়ানো হচ্ছে, সেটি আমাদের কাছে স্পষ্ট নয়।”

তিনি জানান, বিষয়টি নিয়ে তাদের দল ইতোমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই সিদ্ধান্তের বিস্তারিত আগামীকাল সংসদ অধিবেশনে প্রতিফলিত হবে।

সংসদের ডেপুটি স্পিকারের পদ নিয়ে দলটির অবস্থান সম্পর্কেও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাহের। বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জামায়াতে ইসলামী ওই পদ গ্রহণ করবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। তবে বিষয়টি আনুষ্ঠানিক আলোচনার সময়ই খোলাসা করা হবে।”

এ বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা অনেক চৌকস সাংবাদিক। আমার কথাবার্তা থেকে যদি না বোঝেন, তাহলে কিছু করার নেই।”

বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিরোধী জোটের কয়েকজন সংসদ সদস্য।

অন্যদিকে রাজনৈতিক ব্যস্ততার কারণে বৈঠক শেষ হওয়ার আগেই সভা ত্যাগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বললেও আলোচনার বিস্তারিত বিষয়ে মন্তব্য করেননি নাহিদ ইসলাম।

এদিকে বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সংসদ ভবনেই অবস্থান করছিলেন।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...