রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল
Posted by: News Desk
January 16, 2018
এমএনএ রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ১২ জানুয়ারির পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই পরীক্ষাতে অব্যস্থাপনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর ফজলে কবির নেতৃত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মূখপাত্র ও মহাব্যবস্থাপক ডি এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ১২ জানুয়ারির সরকারি ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সৃষ্ট জটিলতা নিরসনে গভর্নরের নেতৃত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অব্যবস্থাপনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ব্যাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ আহমেদ জামালের নেতৃত্ব গঠিত ওই কমিটিতে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) একজন করে প্রতিনিধিসহ বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক থাকবেন। থাকবেন অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।
তিনি জানান, এ ছাড়াও ওই পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে জানতে হবে কিভাবে সুষ্ঠু পরীক্ষা নেওয়া হবে।
জরুরি সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটিসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভায় গত শুক্রবার (১২ জানুয়ারি) সরকারি ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সৃষ্ট জটিলতা নিয়ে আলোচনা হয়।
গত শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে ১০০ নম্বরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে পরীক্ষায় নানা অব্যবস্থাপনার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়। ওইদিন অব্যবস্থাপনার কারণে বাতিল করা হয় দুই কেন্দ্রের পরীক্ষা।
অভিযোগ উঠেছে ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় রাজধানীর মিরপুরে শাহ আলী মহিলা কলেজে ৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর বসার পর্যাপ্ত জায়গা ছিল না। শত শত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে বসার জায়গা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এমন অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের জানালা-দরজা ভাঙচুর করে। বাধ্য হয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটি ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করে এবং ২০ জানুয়ারি শুধু ওই কেন্দ্রের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়।
৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬০০ জনের পরীক্ষা মিরপুরে শাহ আলী মহিলা কলেজে এবং ৪ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা মিরপুর বাংলা কলেজে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর ১২ জানুয়ারির পুরো পরীক্ষা বাতিলসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।
গতকাল সোমবার আন্দোলনরত অবস্থায় দৈনিক বাংলা মোড় থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। এরপর দুপুরে আটকদের ১২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়াসহ অনুষ্ঠিত পরীক্ষা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।
রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে সমন্বিত পরীক্ষা নিয়োগ বাতিল 2018-01-16