শিগগিরই মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ : এরশাদ
Posted by: News Desk
March 2, 2018
এমএনএ রিপোর্ট : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে, মন্ত্রিপরিষদ থেকে আমি ও আমার পার্টির মন্ত্রীরা শিগগিরই মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবো। মন্ত্রিত্ব নেওয়ার পর দেশবাসীর কাছে আমাদের নানা সমালোচনায় পড়তে হয়েছে। দেশের মানুষের কাছে আমাদের সুনাম নষ্ট হয়েছে। তাই এমন মন্ত্রিত্ব আর চাই না। অচিরেই আমরা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
আজ শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘বিরোধী দল হিসেবে জাপার মন্ত্রীত্ব নেওয়া ঠিক হয়নি। বিরোধী দল নয়, আগামীতে সরকার গঠনের হিসাব-নিকাশ করে এগিয়ে যাচ্ছে জাপা। আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছি। মহাসমাবেশ মাধ্যমে দলের শক্তি প্রদর্শন করা হবে’।
আগামী নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘বিএনপি এখন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। একাদশ নির্বাচনে বিএনপি আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। তারপরেও সরকার চেষ্টা করছে। আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত’।
বিএনপির সঙ্গে জাতীয় পার্টি জোট করবে কি-না এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘বিএনপির সঙ্গে জোট করার তো প্রশ্নই ওঠে না। এ বিষয়ে আমি আর এখন কিছু বলতে চাই না।’
তিনি বলেন, ‘আমরা অনেকদিন বিরোধীদলে থেকেছি। আর বিরোধী দলে থাকতে চাই না। আগামী নির্বাচন করব বিরোধীদলে থাকার জন্য নয়। সরকার গঠনের জন্য। আমাদের নেতাকর্মীরাও সে লক্ষ্য নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ আমাদের আবার ক্ষমতায় দেখতে চায়। আমরা ৯ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। সন্ত্রাস চাঁদাবাজি ছিল না। এখন মানুষ বাড়ি থেকে নিরাপদে বের হতে পারে না। এসব কারণেই দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়। আগামী নির্বাচনের জন্য আমরা ৩০০ আসনে প্রার্থী ঠিক করে রেখেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা অনেক ভালো করব। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব।’
তিনি বলেন, ‘আমরা মহাসমাবেশ করব ঢাকায়। এ মহাসমাবেশে জাতীয় পার্টির শক্তি আছে কি-না তা আমরা দেখিয়ে দেব। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এটা।’
আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশিরা কোনো প্রভাব খাটাবে না। বিএনপি নির্বাচনে না আসলেও জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নির্বাচন করবে। আর এ দুটি দল নির্বাচনে অংশ নিলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কোনো দল নির্বাচনে আসুক আর না-ই আসুক সেটা দেখার বিষয় নয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে হৈ-চৈ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিলো জামিন যোগ্য। তারপরেও জামিন পাইনি। হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি। পৃথিবীর কোনো দেশে কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার আর কোনো নজির নেই’।
এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সার্কিট হাউসে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাপা নেতা মেজর (অব.) খালিদ, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, যুবসংহতির জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফী প্রমুখ।
তিনদিনের সফরে আজ শুক্রবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুর যান এরশাদ। আগামীকাল শনিবার তিনি এসএ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান তিন তারকা গ্রান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের উদ্বোধন এবং আগামী রবিবার এসএ এগ্রো ফিড লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও বিভিন্ন দলীয় কাজে অংশ নেবেন।
এরশাদ থেকে পদত্যাগ মন্ত্রিপরিষদ শিগগিরই 2018-03-02