Don't Miss
Home / আজকের সংবাদ / শেখ শওকত হোসেন নিলুর ইন্তেকাল

শেখ শওকত হোসেন নিলুর ইন্তেকাল

এমএনএ রিপোর্ট : ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শেখ নিলুর ব্যক্তিগত সহকারী আল আমিন জানান, হার্ট এ্যাটাকে অক্রান্ত হওয়ার পর ৩ দিন আগে তাকে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে রাজবিন শওকত ও মেহেরিন শওকতকে রেখে গেছেন।

এনপিপির যুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স জানান, শেখ শওকত হোসেন নিলুর বড় মেয়ে ডাক্তার রাজবিন শওকত অস্ট্রেলিয়ায় থাকেন। ছোট মেয়ে ব্যারিস্টার মেহেরিন শওকত। বড় মেয়ে অস্ট্রেলিয়া থেকে আজ (রবিবার) ঢাকায় আসবেন। তিনি আসার পরই সিদ্ধান্ত হবে মরহুম শেখ নিলুকে কখন এবং কোথায় দাফন করা হবে।

শেখ শওকত হোসেন নিলু ১৯৫২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমডাঙ্গা গ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

গোপালগঞ্জে ষাটের দশকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি শেখ শওকত হোসেন নিলুর। নিলু বিএনপির প্রতিষ্ঠাকালীন কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর রাজনীতিতে নানা মেরুকরণের সঙ্গে যুক্ত হন তিনি। এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির রাজনীতিতেও সম্পৃক্ত করেন নিজেকে। দলটির প্রেসিডিয়াম সদস্য এবং কৃষক পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় পার্টিতে নানা বিভক্তি দেখা দিলে সেখান থেকে বেরিয়ে এসে নিজ অনুসারীদের নিয়ে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর গঠন করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ২০১১ সালে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের (পরবর্তীতে ২০ দলীয় জোট) শরিক হন নিলু।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম নেতা ছিলেন নিলু। পরে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ার জের ধরে জোট থেকে তাকে বাদ দেয়া হয়।

২০১৪ সালের প্রথমদিকে বিএনপি জোট থেকে শেখ শওকত হোসেন নিলু বিএনপি জোট থেকে বের হয়ে আসেন। তার দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নিয়ে একই বছরে গঠন করেন নতুন রাজনৈতিক জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। বর্তমানে তিনি নিজ দল ও জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...