শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতলো রংপুর রাইডার্স
Posted by: News Desk
November 22, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। শেষ বলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে ঢাকাকে ৩ রানে হারিয়েছে রংপুর।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডায়নামাইটস দলপতি সাকিব। গতকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে সন্ধ্যা ৬টায় নামে দুই দল। ব্যাট হাতে ঝড় তুলে হাফ-সেঞ্চুরি করেন রংপুরের ওপেনার ক্রিস গেইল। আর বল হাতে ঢাকার দলপতি সাকিব তুলে নেন ৫টি উইকেট।
প্রতিটি মুহূর্ত জুড়ে ছিল টান টান উত্তেজনা। ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছিল ম্যাচের রং। বিজয়ের উন্মাতাল হাওয়া কখনো ঢাকার দিকে আবার কখনো রংপুরের দিকে বয়ে যাচ্ছিল। এমন রুদ্ধশ্বাস ম্যাচের ফলাফলটির জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ওভারের শেষ বলটি পর্যন্ত। স্নায়ু যুদ্ধের লড়াইয়ে শেষ পর্যন্ত ৩ রানের জয় হলো মাশরাফি বাহিনীর।
১৪২ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে ঢাকার দূর্গে প্রথম আঘাত হানেন রংপুর অধিনায়ক মাশরাফি। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ০ রানে মিথুনের গ্লাভসে ধরা পড়েন সুনিল নারাইন। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাকিব। ঢাকা অধিনায়ককে ১১ রানেই বোল্ড করে দেন সোহাগ গাজী।
২৫ বলে ২৮ রান করা ওপেনার এভিন লুইসও গাজীর দ্বিতীয় শিকার হন। এমন সময় আবারও আঘাত হানেন মাশরাফি। জহরুল ইসলামকে (২৯) সরাসরি বোল্ড করে দেন তিনি। মোসাদ্দেক রান-আউট হলে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে ঢাকা ডায়নামাইটস।
সেই মুহূর্তে দলের হাল ধরার চেষ্টা করেন শহীদ আফ্রিদি আর মেহেদী মারুফ। ১৫ বলে ১ চার ২ ছক্কায় ২১ রান করা আফ্রিদিকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন রুবেল। একপ্রান্ত আগলে ছিলেন মেহেদী মারুফ। পোলার্ডের সঙ্গে জুটি বেঁধে এগিয়ে নিতে থাকেন দলকে। তবে ব্যক্তিগত ১৫ রানে রুবেল হোসেনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরতে হয় তাকে। ম্যাচ চলে আসে টান টান উত্তেজনা। মালিঙ্গার করা ১৯ তম ওভারের শেষ বলে ক্যাচ দেন নাদিফ চৌধুরী (২)।
শেষ ওভারে দরকার হয় ১০ রানের। বল হাতে গুরুদায়িত্ব পালন করত আসেন থিসারা পেরেরা। প্রথম দুই বল ডট। তৃতীয় বলে ছক্কা। দরকার আরও ৪ রান। চতুর্থ বলে রান নিলেন না পোলার্ড। পঞ্চম বলে তার স্টাম্প উড়িয়ে দিলেন পেরেরা। শেষ বলে উড়ে গেল আবু হায়দার রনির স্টাম্প। রুদ্ধশ্বাস উত্তেজনা শেষে জয়ের উন্মাতাল আনন্দে মাতল রংপুর রাইডার্স।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান তোলে রংপুর রাইডার্স। যথারীতি ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম উড়ন্ত সূচনা এনে দেন। ম্যাককালাম অবশ্য আজ ৬ রান করেই আফ্রিদির বলে বোল্ড হয়ে যান। তবে স্বরূপে দেখা দেন ক্রিস গেইল। উইকেটের চারপাশে শুরু হয় চার-ছক্কার বন্যা। আফ্রিদিকে ছক্কা মেরে ২৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
তাকে থামানোর জন্য তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেককে বোলিংয়ে আনেন সাকিব। যদিও ঢাকার বোলারদের স্বস্তিতে থাকতে দেননি আবু হায়দার রনির হাত ফসকে জীবন পাওয়া গেইল। ২৮ বলে ৫টি চার আর চারটি ছক্কায় করেন ৫১ রান। মোসাদ্দেক হোসেনের বলে সেই রনির হাতেই ধরা পড়েন ক্যারিবীয়ান ব্যাটিং দানব।
তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ২৬ বলে ২২ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিনত হন। শাহরিয়ার নাফীস যথারীতি ইনিংস বড় করতে পারেননি। সাকিব আল হাসানের ঘূর্ণিতে মোহাম্মদ আমিরের তালুবন্দি হওয়ার আগে করেছেন ৯ রান।
কিছুটা উপরে ব্যাটিংয়ে এসে রংপুর দলপতি মাশরাফি ১১ বলে একটি চার আর একটি ছক্কায় ১৫ রান করে আফ্রিদির দ্বিতীয় শিকার হন। ৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৫ রান করে আমিরের বলে বিদায় নেন থিসারা পেরেরা। আর কেউ বলার মতো রান করতে পারেননি।
থিসারা পেরেরা বিদায়ের পর স্বরূপে দেখা দেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের ২০ তম ওভার করতে এসে একে একে তুলে নেন ৩ উইকেট। এছাড়া ছিল একটি রান-আউট। প্রথম বলেই সাকিব-সৈকতের যৌথ প্রচেষ্টায় রানআউট হয়ে যান রবি বোপারা (১২)। পরের বলেই পোলার্ডের তালুবন্দী হন জিয়াউর রহমান (৪)। এক বল পরে বিশ্বসেরা অল-রাউন্ডারের চতুর্থ শিকার হন সোহাগ গাজী (০)। ওভারের পঞ্চম বলে রুবেল হোসেন (০) স্টাম্পড হয়ে গেলে সাকিবের ঝুলিতে ওঠে ৫ উইকেট। ১৪২ রানে অল-আউট হয় রংপুর রাইডার্স।
এই ম্যাচের মধ্যদিয়ে শেষ হলো ঢাকা-১ পর্ব। সিলেট পর্বের পর এই পর্ব শুরু হয়। এরপর বিপিএল যাবে চিটাগংয়ে। বন্দরনগরী ছেড়ে আবারো বিপিএল ফিরবে ঢাকায়।
রংপুর রাইডার্স : ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রবি বোপারা, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, মাশরাফি (অধিনায়ক), সোহাগ গাজী, রুবেল হোসেন, লাসিথ মালিঙ্গা।
ঢাকা ডায়নামাইটস : এভিন লুইস, শহীদ আফ্রিদি, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরি, সাকিব আল হাসান (অধিনায়ক), জহুরুল ইসলাম, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, সুনিল নারাইন, আবু হায়দার রনি, মোহাম্মদ আমির।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স : ১৯.৫ ওভারে ১৪২ (গেইল ৫১, ম্যাককালাম ৬, মিঠুন ২২, শাহরিয়ার ৯, মাশরাফি ১৫, বোপারা ১২, থিসারা ১৫, জিয়াউর ৪, মালিঙ্গা ১*, সোহাগ ০, রুবেল ০; আবু হায়দার ০/৯, নারাইন ০/২৯, আমির ১/৩৪, আফ্রিদি ২/৩৯, মোসাদ্দেক ১/৪, সাকিব ৫/১৬, পোলার্ড ০/৬)
ঢাকা ডায়নামাইটস : ২০ ওভারে ১৩৯ (লুইস ২৮, নারাইন ০, সাকিব ১১, জহুরুল ২৯, মোসাদ্দেক ২, মারুফ ১৫, সাঙ্গাকারা ২৮, আফ্রিদি ২১, পোলার্ড ১২, নাদিফ ২, আমির ০*, আবু হায়দার ০; মাশরাফি ২/৩০, সোহাগ ২/১৮, মালিঙ্গা ১/২০, রুবেল ২/২৯, থিসারা ২/৩৭)।
ফল : রংপুর রাইডার্স ৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ : ক্রিস গেইল
রংপুর লড়াইয়ে শ্বাসরুদ্ধকর জিতলো রাইডার্স 2017-11-22