সংবাদকর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড গঠন
Posted by: News Desk
January 29, 2018
এমএনএ রিপোর্ট : সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজবোর্ড গঠন করেছে সরকার। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের এই ওয়েজবোর্ড গঠন করে আদেশ জারি করা হয়।
আজ সোমবার ভারপ্রাপ্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ নতুন ওয়েজবোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ওয়েজবোর্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আদেশে বলা হয়, নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করবে। ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টি আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এই বোর্ড সুপারিশ দেবে। প্রস্তাবিত ওয়েজবোর্ড প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সময়ে সংবাদপত্র কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয় বিবেচনা করে সরকারের কাছে সুপারিশ পেশ করতে পারবে।
সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ২০১২ সালের ১৮ জুন অষ্টম ওয়েজবোর্ড গঠন করেছিল সরকার। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়।
আগের ওয়েজবোর্ড গঠনের ৫ বছর ৭ মাসেরও বেশি সময় পর নতুন ওয়েজবোর্ড গঠন করল সরকার।
পাঁচ বছরের মধ্যে নতুন বেতন কাঠামো দিতে আট মাসের কম সময় পাবে তথ্য মন্ত্রণালয়। অষ্টম ওয়েজবোর্ড গঠনের ১৫ মাস পর নবম বেতন কাঠামো ঘোষণা করে সরকার।
সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন গড়ে তাদের মূল বেতনের ৭৫ শতাংশ বাড়িয়ে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর অষ্টম মজুরি কাঠামো ঘোষণা করে সরকার, যা ওই বছরের ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘদিন কর্মসূচিও পালন করে তারা।
ওয়েজবোর্ডে সংবাদপত্র মালিকদের একটি সংগঠনের প্রতিনিধিদের প্রাধান্য রয়েছে। এটি হল নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), যার সদস্য সংখ্যা ১৫ এর কম।
এই সংগঠনটির সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এ কে আজাদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, সদস্য মাহফুজ আনাম ও তাসমীমা হোসেনকে বোর্ডের সদস্য করা হয়েছে।
সংবাদপত্র মালিকদের আরেক সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের আহ্বায়ক এম জি কিবরিয়া চৌধুরী বোর্ডে স্থান পেয়েছেন।
দেশে বিপুল সংখ্যক ইলেকট্রনিক গণমাধ্যম থাকলেও তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি বোর্ডে।
সংবাদকর্মীদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খায়রুল ইসলাম, বাংলাদেশে ফেডারেল ইউনিয়ন অব নিউজপোপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. কামাল উদ্দিনকে বোর্ডে রাখা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মো. মিজান-উল আলম নবম ওয়েজবোর্ড মজুরি বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য মন্ত্রণালয় নবম সংবাদপত্র মজুরিবোর্ডকে সাচিবিক সহায়তা দেবে।
সংবাদকর্মীদের নতুন গঠন জন্য ওয়েজবোর্ড 2018-01-29