এমএনএ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের জন্য চিফ হুইপ ও হুইপদের নিয়োগ প্রদান করেছেন। নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
চিফ হুইপের পাশাপাশি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ
খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া
লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
সংসদ অধিবেশন শুরুর আগেই চিফ হুইপ ও হুইপদের নিয়োগ সম্পন্ন হওয়ায় সংসদীয় কার্যক্রম পরিচালনা ও সরকারি দলের শৃঙ্খলা রক্ষায় সমন্বয় সহজ হবে বলে মনে করা হচ্ছে। চিফ হুইপ ও হুইপগণ জাতীয় সংসদে সরকারি দলের উপস্থিতি নিশ্চিত করা, আইন পাসের ক্ষেত্রে দলীয় অবস্থান সমন্বয় এবং সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

