এমএনএ প্রতিবেদক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ রোধে কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিভাগটি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোকে নির্দেশ দিতে বলা হয়েছে।
এছাড়া মাঠপর্যায়ের অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে অফিসে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন ও বিচার বিভাগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে বলা হয়, সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হওয়া, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ কিংবা বিলম্বে উপস্থিতি ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
আদেশ অনুযায়ী, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজানের পর বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ছাড়তে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম-সচিব/সলিসিটর) পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি নির্ধারিত রেজিস্টারে অফিস ত্যাগের এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
