Don't Miss
Home / কৃষি ও খাদ্য / সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষকরা টিকে থাকলে সাধারণ মানুষও ভালো থাকবে। তিনি জানান, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং চার কোটি পরিবারের কোনো না কোনো সদস্য এই খাতের ওপর নির্ভরশীল। প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষক কার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে ১২ লাখ কৃষক ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুবিধা পেয়েছেন।

কৃষি উন্নয়নের অংশ হিসেবে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যাতে বন্যার পানি সংরক্ষণ করে পরে কাজে লাগানো যায়।

প্রধানমন্ত্রী কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা এবং বিদেশে রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন। টাঙ্গাইলের মধুপুরের আনারসসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

নারীর ক্ষমতায়নের বিষয়েও গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবারভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে দেশের সব নারী প্রধানের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং কৃষি সচিব রফিকুল-ই-মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...