Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ করলেন প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ করলেন প্রতিমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের অনুমোদন ছাড়াই জোরপূর্বক ফাইল অনুমোদন করেছিলেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরের অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতির বিষয় তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তের আওতায় অন্তর্বর্তী সরকারের সময়কার কিছু সিদ্ধান্তও আসবে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, একটি ফাইলে দেখা গেছে সংশ্লিষ্ট সচিবের সই ছাড়াই উপদেষ্টা নিজে সই করে অনুমোদন দিয়েছেন, যা “রুলস অব প্রসিডিউর” ও “রুলস অব বিজনেস”-এর পরিপন্থি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের অনুমোদন ছাড়া কোনো মন্ত্রী বা উপদেষ্টা ফাইল অনুমোদন দিতে পারেন না।

মীর শাহে আলম জানান, পিরোজপুর জেলায় গত প্রায় ১৮ মাস ধরে বন্ধ থাকা উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে গত ১৫ থেকে ১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তার দাবি, তদন্তে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে। বাস্তব কাজ সম্পন্ন না করেই ভুয়া বিলের মাধ্যমে ট্রেজারি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে টেন্ডার ও কার্যাদেশ দেওয়ার পরপরই বিল পরিশোধ করা হয়েছে। এসব অনিয়মে তৎকালীন প্রভাবশালী কর্মকর্তা ও সচিবদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, অভিযুক্ত অনেক ঠিকাদার বর্তমানে দুবাইসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। এছাড়া কিছু প্রকল্প মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

দুর্নীতির উদাহরণ হিসেবে তিনি ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর কথা উল্লেখ করেন, যেখানে কোনো সংযোগ সড়ক না থাকায় স্থানীয় মানুষ মই ব্যবহার করে সেতুতে ওঠানামা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত প্রতিনিধি দল ঈদের পর পিরোজপুর পরিদর্শন করবে। দুদকের তদন্তাধীন প্রকল্প বাদে অন্যান্য রাস্তা ও সেতুর সংস্কারকাজ দ্রুত শুরু করার পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুষ্ক মৌসুম থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হতে পারে।

এছাড়া ইজিবাইক ও অন্যান্য ইলেকট্রিক যানবাহন নিয়ন্ত্রণে নতুন আইন আনার কথাও জানান তিনি। বুয়েটের নকশা অনুমোদনের পর সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এসব যানবাহনের নিবন্ধন দিতে পারবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...