Don't Miss
Home / আজকের সংবাদ / সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

সাভার প্রতিনিধি

সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১–২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শারমিনের স্বামীর ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান যে বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বিকল্প উপায়ে বাসার ভেতরে প্রবেশ করে মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি তখন নিস্তেজ অবস্থায় ছিলেন।

পরে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, বিকেল সোয়া ৫টার দিকে শারমিনকে হাসপাতালে আনা হয়। তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। চিকিৎসকরা তাকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী।

প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছি। পুলিশ প্রশাসনকে যথাযথ তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।”

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...